রংপুরের কাউনিয়া উপজেলায় অপহরণের চারদিন পর দুই স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে রংপুর সদর উপজেলা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের সদস্য রাসেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় রাসেলসহ অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে শনিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
পুলিশ ও অপহূতদের পরিবার জানায়, গত মঙ্গলবার সকালে স্থানীয় দশম শ্রেণির দুইজন ছাত্রীকে তাদের স্কুলের সামনে থেকে অপহরণ করা হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানতে পারে উপজেলার হারাগাছ পৌর এলাকার জয়বাংলা বাজার গ্রামের সৌদি প্রবাসী নাজমুল হোসেন ওরফে টুনু মিয়ার বিবাহিত ছেলে রাসেল মিয়া ও তার কয়েকজন বন্ধু মিলে ওই দুই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, অপহরণের ঘটনার পর অভিযোগ আমলে নিয়ে শুক্রবার রাতে রংপুর সদর উপজেলার একটি গ্রামে অভিযান চালিয়ে অপহূত দুই স্কুল ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী এক যুবককে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
