ইরাকে ইসলামিক স্টেটের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ এবং গণহত্যা হিসেবে বিবেচনা করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। দেশটির ইয়াজিদি সম্প্রদায়ের ওপর আইএস জঙ্গিদের চালানো হামলার প্রেক্ষাপটে এই কথা জানান সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ইভান শিমোনোভিচ। মঙ্গলবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইভান শিমোনোভিচ বলেন, ইরাকে ইসলামিক স্টেটের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ এবং গণহত্যা হিসেবে বিবেচনা করা হতে পারে। আর এর ফলে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসলামিক স্টেটের বিচার হতে পারে।
তিনি বলেন, আইএস জঙ্গিরা ন্যায়বিচার বলতে কেবল মানুষকে হত্যা করাকেই বোঝে। ইয়াজিদি সম্প্রদায়ের লোকজনকে যে হারে হত্যা করেছে, সেটি গণহত্যার পর্যায়ে পড়ে।
এছাড়া জঙ্গিরা ইয়াজিদি মেয়েদের যৌন-দাসত্ব করতেও বাধ্য করছে বলে অভিযোগ করেন শিমোনোভিচ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শিমোনোভিচ ইরাকে ইসলামিক স্টেটের কর্মকাণ্ডের ওপর এক তথ্যানুসন্ধান মিশনে গিয়ে জঙ্গিদের বর্বরতার শিকার ইয়াজিদি সম্প্রদায়ের বহু লোকজনের সঙ্গে দেখা করেন। সেখানে ধর্মান্তরিত হতে রাজি না হওয়ায় একই পরিবারের সব পুরুষ সদস্যকে হত্যা করা হয়েছে এবং যৌনদাসত্বে বাধ্য করার পর পালিয়ে আসা বারো বছর বয়সী কিশোরী, এমন অনেকের সাথে কথা বলেছেন শিমোনোভিচ।
