সিরাজগঞ্জে জেএমবি সদস্যের ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ১৭:১৯
 
সিরাজগঞ্জে জামায়েদুল মুজাহেদিন বাংলাদেশ এর (জেএমবি) সদস্য আশিফুল ইসলাম সাজ্জাদ (২৪) নামে এক অস্ত্র প্রশিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।
মঙ্গলবার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক আশিফুল খবির এই সাজা প্রদান করেন। 
সাজাপ্রাপ্ত জঙ্গি আশিফুল ইসলাম সাজ্জাদ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মোল্লাবাড়ি গ্রামের সাহেদুর আলীর ছেলে। 
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৯ই মার্চ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সিরাজগঞ্জ হেডকোয়ার্টার্স এর একটি বিশেষ টহল দল কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মোল্লাবাড়ি গ্রাম থেকে ২১৫ পাতা জিহাদি বইসহ জামায়েদুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) সদস্য ও জেএমবি সদস্যদের অস্ত্র প্রশিক্ষক আশিফুল ইসলাম সাজ্জাদকে আটক করে।
 তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে ২০১১ইং সালের ১০ই মার্চ র্যাব-১২ ও পুলিশ এর একটি যৌথ দল সিরাজগঞ্জের কাজিপুর থানার দুর্গম চরাঞ্চল চর-ভুরুঙ্গিতে অবস্থিত জামায়েতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর একটি অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি রাইফেল, ৮ রাউন্ড গুলি, ৮টি তাজা বোমা ও রাবার বুলেট উদ্ধার করে অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্রটি গুড়িয়ে দেয়।
ওইদিনই এ বিষয়ে সিরাজগঞ্জের কাজিপুর থানায় একটি মামলা দায়ের করা হয। দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক আশিফুল খবির এ সাজা প্রদান করেন।