ঝড়ের নাম জাজাই

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৮

ভারতের দেহরাদুনে শনিবার রাতে একটা প্রবল ঝড়ই বয়ে গেল। ঝড়ের নাম হজরতউল্লাহ জাজাই। আর এই ঝড়ে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লণ্ডভণ্ড হয়ে গেল আয়ারল্যান্ডের বোলিং লাইনআপ। আসলে এটুকু বলে কোনোভাবেই জাজাইয়ের ১৬২ রানের অপরাজিত টি-টোয়েন্টি ইনিংসটাকে বোঝানো যায় না। এটা ছিল ঝড়ের চেয়েও অনেক বিশাল একটা ব্যাপার।

জাজাইয়ের এই ইনিংসের সুবাদে ২৭৮ রানের পাহাড় গড়ে আফগানিস্তান। জাজাই আর ১০টা রান করতে পারলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ রানের মাইলফলকটা ছুঁয়ে ফেলতে পারতেন। এই রেকর্ডটা অস্ট্রেলিয়ার ফিঞ্চের দলে সেটা হয়নি। যদিও সর্বোচ্চ ছক্কার দিক থেকে তিনি ঠিকই ছাড়িয়ে যেতে পেরেছেন ফিঞ্চকে।

২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউথ্যাম্পটনে ১৫৬ রান করার পথে ফিঞ্চের ১৪ ছক্কা ছিল এতোদিন রেকর্ড। এবার ফিঞ্চকে ছাপিয়ে ১৬টি ছক্কা হাঁকানোর অনন্য নজীর গড়লেন জাজাই। ৪২ বলে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান জাজাই। টি-টোয়েন্টিতে এটা তৃতীয় দ্রুততম সেঞ্চুরি।

আরেক ওপেনার উসমান গনি করেন ৭২ রান। তিনি হাঁকান তিনটি ছক্কা। সব মিলিয়ে আফগান ব্যাটসম্যানরা এদিন ২২টি ছক্কা হাঁকান। এটা টি-টোয়েন্টির ইতিহাসেই নতুন এক রেকর্ড। ম্যাচ শেষে জাজাই জানালেন, নিজের স্বভাবজাত খেলাটা খেলতে পারাই তার সাফল্যের মূল রহস্য। তিনি ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে বলেন, ‘আমি শুধু নিজের স্বভাবজাত খেলাটা ধরে রাখার চেষ্টা করেছি। সেটা ভালোভাবে করতে পেরেছি বলে আমি আনন্দিত। উইকেটটা ছিল দারুণ ব্যাটিং সহায়ক। এখানে বোলারদের জন্য কোনো সাহায্য নেই বললেই চলে। তাই আজকের দিনটা ছিল পুরোপুরিই আমার।’

জবাব দিতে নেমে আফগানদের গলার কাটা হয়েছিল আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি। অধিনায়ক পল স্টার্লিং ও কেভিন ও’ব্রায়েন প্রথম উইকেট জুটিতে ১২৬ রান তুলে ফেলে ভালোই জবাব দিচ্ছিলেন আফগানদের। তবে সেটা দীঘস্থায়ী হয়নি। আফগানদের গলার কাটা হয়ে আটকে ছিলেন ৫০ বলে ৯১ রান করা পল স্টার্লিং। তবে, তিনি আউট হয়ে যাওয়ার পর একটু একটু করে ম্যাচ থেকে বের হয়ে যায় সফরকারী আইরিশরা। ছয় উইকেট হারিয়ে ১৯৪ রান করে তারা। ২৫ রান দিয়ে চার উইকেট নেন লেগ স্পিনার রশিদ খান।

আফগানিস্তান জিতেছে ৮৪ রানের বিশাল ব্যবধানে। টানা দুটি টি-টোয়েন্টি জিতে এর মধ্যেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে তারা। গতকাল রাতেই হয়ে গেছে দুই দলের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

রেকর্ড বইয়ে

ওলট পালট

২৭৮/৩ টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এখন আফগানিস্তানের। আগের সর্বোচ্চ ছিল অস্ট্রেলিয়ার ২৬৩ রান। ২০১৬ সালে পালেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেট হারিয়ে এই রান করেছিল তারা।

 

২৩৬টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির মালিক এখন দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ও উসমান গনি। আগের সেরা ছিল অ্যারন ফিঞ্চ ও ডার্সি শর্টের ২২৩। গত জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এই রান করেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার।

 

২২এক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা আফগানদের। এর আগে ২১টি করে ছক্কা হাঁকিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।

 

১৬জাজাইয়ের আরেক কীর্তি। টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ছক্কা এখন তার। এর আগে এক ইনিংস ১৪ টি ছক্কা হাঁকান অ্যারন ফিঞ্চ।

 

১৬২*টি-টোয়েন্টির দ্বিতীয় ব্যক্তিগত সংগ্রহ। সবার ওপরে এখনো আছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি করেন ১৭২ রান।

 

৪৭২টি-টোয়েন্টির এক ম্যাচে সর্বোচ্চ রানের দেখা মিললো এই ম্যাচেই। এর মধ্যে আফগানিস্তান ২৭৮ ও আয়ারল্যান্ড ১৯৪ রান করেছে।