এবার মাদ্রিদ জয়ের লক্ষ্য মেসির

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১১

লিওনেল মেসির ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিকে লা লিগায় সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। ফলে এক ম্যাচ বেশি খেলে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান দশে উন্নীত করলো শিরোপাধারী দলটি। তবে এরপরেও এখনই লিগের শেষ দেখছেন না বার্সার ত্রাতা মেসি।

সময়টা তেমন ভালো কাটছিল না বার্সার। ফেব্রুয়ারিতে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে তারা, তাও সেটা এসেছে পুঁচকে রিয়াল ভায়াদোয়িদের বিপক্ষে মেসির একমাত্র পেনাল্টি গোলের সৌজন্যে।  এমন পড়তি ফর্মের মাঝে শীর্ষ চারে থাকা সেভিয়ার মাঠে এই সূচি কিছুটা চিন্তার ভাঁজই ফেলে দিয়েছিল কোচ আর্নেস্তো ভালভার্দের কপালে।

শনিবার ২২তম মিনিটেই হেসুস নাভাসের গোলে স্বাগতিক সেভিয়া এগিয়ে গেলে দুশ্চিন্তা আরও ঘনীভূত হয় বার্সা শিবিরে। তবে এর চার মিনিট পরেই মেসির দুর্দান্ত ভলিতে জবাব দেয় বার্সা। বিরতির মিনিট তিনেক আগে ডিফেন্ডার গ্যাব্রিয়েল মের্কাদোর গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা।

৬৭ মিনিটে মেসি আবারও লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে বার্সা। ৮৫ মিনিটে বদলি খেলোয়াড় কার্লোস আলেনইয়ার শট সেভিয়া ডিফেন্ডার সিমন কাইয়েরের পায়ে দিকবদল করলে ফিরতি সুযোগে গোলরক্ষককে একা পেয়ে যান মেসি। আলতো চিপে পরাস্ত করেন সেভিয়া গোলরক্ষককে। এর মাধ্যমে ক্যারিয়ারের ৬৫০তম গোলটি তুলে নেওয়ার পাশাপাশি ৫০তম হ্যাটট্রিকটিও পূর্ণ করেন তিনি। যোগ করা সময়ে সতীর্থ লুই সুয়ারেজকে দিয়ে আরেকটি গোলও করিয়েছেন আর্জেন্টাইন তারকা। ফলে এল ক্লাসিকোর আগে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।

এই জয় নিয়ে এক ম্যাচ বেশি খেলে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ১০ পয়েন্ট এগিয়ে গিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে জাঁকিয়ে বসার প্রস্তুতি সেরে রাখলো বার্সা। তবে পয়েন্ট তালিকার দুই ও তিনে থাকা অ্যাটলেটিকো-রিয়ালের সামনে এখনো বার্সাকে ধরে ফেলার সুযোগ আছে বলে মনে করেন জয়ের নায়ক মেসি। বেইন স্পোর্টসকে তিনি বলেন, ‘না, কেননা এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। কিন্তু প্রতিদ্বন্দ্ব্বীদের কাছ থেকে নিজেদের এগিয়ে রাখার জন্য এখানে জয় পাওয়াটা সত্যিই খুব জরুরি ছিল।’

এই মাসের ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয় জয় তুলে নিয়ে কিছুটা স্বস্তিও ঝরে পড়লো মেসির কণ্ঠে। তার ভাষায়, ‘এখন যে কোনো সময়ের চেয়ে বেশি মগজের ব্যবহার করতে হচ্ছে। প্রতি মূহুর্তে জয় পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর তাই জয় নিয়ে খুশিমনেই ফিরছি আমরা।’

এই ম্যাচের তিনদিন পরেই, আগামী বুধবার কোপা দেল রের শেষ চারে রিয়াল মাদ্রিদের মাঠে তাদের মুখোমুখি হবে বার্সা। এরপর একই মাঠে লিগ ম্যাচে তাদের বিপক্ষে খেলবে মেসির দল। এই মুহূর্তে দাঁড়িয়ে বার্সা অধিনায়ক গুরুত্ব দিলেন সব প্রতিযোগিতাকেই। তিনি বলেন, ‘সবকিছুই গুরুত্বপূর্ণ, এমনটা আমরা শুরুতেও বলেছিলাম। কাপ ফাইনালে যাওয়া থেকে মাত্র এক পা দূরে আছি আমরা আর সবকিছু জিততেই চেষ্টা করতে হবে আমাদের।’

রিয়ালের মাঠে কঠিন এক ম্যাচই অপেক্ষা করছে বলে অনুমান করলেও দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সা তারকা। মেসি বলেন, ‘এটা কঠিনই হতে যাচ্ছে কেননা ম্যাচটা মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু সেখানে জয়ের জন্যেই যাওয়া উচিত আমাদের। মাদ্রিদে জয়ের ব্যাপারে আমরা বেশ আত্মবিশ্বাসী।’