শেরে বাংলার ওসি প্রত্যাহার, এসআই গ্রেফতার

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১৬:১৯
রাজধানীর শেরেবাংলা নগরে এক সিএনজিচালককে পরিকল্পিতভাবে উঠিয়ে নিয়ে গুলি করার ঘটনায় থানার ওসি আবদুল মমিনকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এসআই আনোয়ার হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের তেজগাঁও থানা বিভাগের উপকশিনার বিপ্লব কুমার সরকার বুধবার এই তথ্য জানিয়েছেন। তারা শেরেবাংলা নগর থানায় কর্মরত ছিলেন।
বিপ্লব কুমার সাহা জানান, গত রবিবার রাত দেড়টার দিকে আগারগাঁওয়ে এসআই আনোয়ার হোসের নেতৃত্বে একটি টহল টিম সিএনজিচালক শাহ আলমকে গুলি করে। ঐ সময় পুলিশ জানিয়েছিল, গুলিবিদ্ধ শাহ আলম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বাম পায়ে শর্ট গান ও ডান পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়। ঘটনার পর পর গুলিবিদ্ধ শাহ আলম পুলিশের কাছে একটি অভিযোগ দেন। ঐ অভিযোগের ভিত্তিতে শাহ আলমের স্ত্রী শান্তার সাথে এসআই আনোয়ার হোসেনের অনৈতিক সম্পর্ক ছিল। আনোয়ার শাহ আলমের স্ত্রীকে কেরানীগঞ্জে একটি বাসা ভাড়া করে দিয়েছিলেন। ঐ বাসায় মাঝে মাঝে আনোয়ার রাতযাপন করেন। এই ঘটনার প্রতিবাদ করায় রবিবার রাতে আনোয়ার হোসেন মো‏হাম্মদপুর কৃষি মার্কেট থেকে তাকে তুলে নিয়ে যায়। আগারগাঁওয়ে পুলিশের গাড়ি থেকে নামিয়ে গুলি করা হয়।
তিনি আরো জানান, ঘটনার পর বিষয়টি তদন্ত করে আনোয়ার হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা মেলে। এই অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে এসআই আনোয়ার হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ওসি আবুদল মমিনকে প্রত্যাহার করা হয়েছে।