ইশ্বরগঞ্জে আওয়ামী লীগের ২০ নেতাকর্মী কারাগারে

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ২০:০৩



ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ২০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তা না মঞ্জুর হয়।
আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌরবাজারে থাকা একটি বিলবোর্ড গত ৩ সেপ্টেম্বর উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। ওই বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি ছিল এবং সেটি ইউএনও তাহমিনা আক্তার জেনেশুনে অবমাননা করেছেন এই অভিযোগ তুলে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে। পরে ওই সমাবেশ থেকে আওয়ামী লীগের কিছু নেতা ইউএনওর কার্যালয়ে গিয়ে হামলা করে। হামলাকারীরা ইউএনওকে লাঞ্ছিত করার চেষ্টা করলে স্থানীয় একজন ইউপি চেয়ারম্যান তাকে রক্ষা করেন।
ওইদিন রাতেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইউএনও তাহমিনা আক্তার বাদী হয়ে দ্রুতবিচার আইনে ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনকে অভিযুক্ত করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ৩৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। অভিযুক্ত ১৩ জন উচ্চ আদালত থেকে জামিন নেন। বাকি ২০ জন আজ ময়মনসিংহের বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।