রাজশাহী মহানগরীর সাগরপাড়ায় গতকাল বৃহস্পতিবার পুলিশের ওপর হামলা চালিয়েছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে এবং পটকা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল ছুঁড়লে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা পালিয়ে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ গ্রেফতারও করা হয়নি বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নগরীর বেলদারপাড়ায় গতকাল দুপুর ২টার দিকে শতাধিক ছাত্রশিবির কর্মী ‘সাঈদী হল রাজাকার, তিনি আমাদের অহংকার’ স্লোগানে মিছিল নিয়ে সাগরপাড়ার দিকে আসছিল। এ সময় রাস্তার ধারে রাখা গাছের গুঁড়ি ফেলে তারা রাস্তা অবরোধ করে। এক পর্যায়ে অবরোধ স্থানের পাশে একটি নির্মাণাধীন ভবনের নিচে রাখা ইট ভেঙ্গে তারা পুলিশের দিকে ছুঁড়তে থাকে। ওই ভবনের শ্রমিকরা ইট নিতে নিষেধ করলে তাদের অশ্লীল ভাষায় গালি দেয় ছাত্রশিবির কর্মীরা। হৈ চৈ শুনে রাস্তায় বেরিয়ে আসা এলাকাবাসীদের লক্ষ্য করেও তারা ইট ও পটকা ছোঁড়ে। পুলিশ সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল ছুঁড়লে পালিয়ে যায় শিবির কর্মীরা।
ঘটনাস্থলে উপস্থিত মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম জানান, সাগরপাড়া এলাকায় শতাধিক শিবিরকর্মী হঠাত্ করে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট ছোঁড়ে এবং আতঙ্ক সৃষ্টি করতে পটকা ফোটায়। এছাড়া গাছের গুঁড়ি ফেলে তারা রাস্তাও অবরোধ করে। পুলিশ তাদের হঠিয়ে দিতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল ছুঁড়লে শিবিরকর্মীরা পালিয়ে যায়। তিনি আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে অভিযান চালানো হচ্ছে।
