চকবাজার অগ্নিকাণ্ডে সংশ্লিষ্টরা দায় এড়াতে পারে না —এইচ টি ইমাম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২০

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, চকবাজারে অগ্নিকাণ্ডে সংশ্লিষ্টরা দায় এড়াতে পারে না। ফায়ার সার্ভিসের দায়িত্ব ছিল চকবাজারের আগুন সংক্রান্ত কোনো সমস্যা ছিল কি না খুঁজে দেখা। যারা ট্রেড লাইসেন্স দিয়েছে তাদের উচিত ছিল সঠিক ব্যবসা হচ্ছে কি না সেটি তদারকি করা। অনেকে বলেন প্রভাবশালীদের কারণে কেমিক্যাল ব্যবসা সরানো যায়নি। পুলিশের উচিত ছিল প্রভাবশালী মহলকে খুঁজে বের করা। কিন্তু সংশ্লিষ্টরা সঠিক দায়িত্ব পালন করেনি।

গতকাল রবিবার আগারগাঁওস্থ পরিসংখ্যান ভবনে পরিসংখ্যান ব্যুরো আয়োজিত ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ: পরিসংখ্যানের ভূমিক’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিবিএস-এর মহাপরিচালক কৃষ্ণা গায়েন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনএসডিএস ইমপ্লিমেন্টেশন প্রজেক্টের পরিচালক মো. দিলদার হোসেন।

চকবাজারে কারা কেমিক্যাল রাখছে তাদের খুঁজে বের করার আহ্বান জানিয়ে এইচ টি ইমাম বলেছেন, যার যে ক্ষমতা তা প্রয়োগ করা উচিত। দাহ্য ও অতিদাহ্য পদার্থ ওখানে কিভাবে থাকলো? এজন্য জরিপ করা দরকার। কোনটা ক্ষতিকর কেমিক্যাল, কোনটা কোথায় থাকা উচিত এগুলো নিয়ে পরিসংখ্যান ব্যুরোর জরিপ করা দরকার। তিনি আরো বলেন, অনেক চেষ্টা করে হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে স্থানান্তর করা হয়েছে। সেই ট্যানারি এখন ঢের বেশি পরিবেশের ক্ষতি করছে। আগে বুড়িগঙ্গা নষ্ট করেছে, এখন ধলেশ্বরীর বারোটা বাজাচ্ছে। পরিসংখ্যান ব্যুরোকে সাভারে যেতে হবে কি পরিমাণে ক্ষতি হচ্ছে তার হিসেব করতে হবে।