২০১৫ নাগাদ ইবোলার টিকা বিতরণের বিষয়ে ভাবছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ২৫ অক্টোবর ২০১৪, ১৭:৫৩



বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে, ‘২০১৫ সালের মধ্যভাগ নাগাদ পশ্চিম আফ্রিকায় হাজার হাজার ইবোলার টিকা বিতরণ করা সম্ভব হবে।’
এদিকে নিউইয়র্কে নতুন করে ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার এবং মালিতে প্রথমবারের মতো দুই বছর বয়সী একটি কন্যা শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইবোলা আক্রান্ত দুই নার্স সুস্থ হয়ে উঠেছেন বলে ঘোষণা করা হয়েছে। এদের একজন নিনা ফাম তার সেরে ওঠার প্রমাণ হিসেবে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামাকে আলিঙ্গন করেন।
তবে নিউইয়র্ক ও নিউজার্সি রাজ্য যেসব চিকিৎসা কর্মী পশ্চিম আফ্রিকায় ইবোলা রোগীদের চিকিৎসা করেছেন এবং যেসব ব্যক্তি এসব দেশে ইবোলা রোগীদের প্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন তাদের বাধ্যতামূলক ২১ দিন পৃথক রাখার নির্দেশ দিয়েছে।
এছাড়া যারা ইবোলা আক্রান্ত দেশ ভ্রমণ করলেও সরাসরি ইবোলা রোগীদের সংস্পর্শে যাননি তাদের ওপর সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা সক্রিয়ভাবে নজর রাখবেন এবং প্রয়োজনে তাদের পৃথক করে রাখবেন।
নিউইয়র্কে প্রথম ইবোলা আক্রান্তের খবরে শুক্রবার ইউরোপের প্রধান স্টক মার্কেটে দরপতন ঘটে।
ইবোলা ভাইরাস রোধে কার্যকর টিকা উদ্ভাবন জরুরি হয়ে দেখা দেয়ার প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে ২০১৫ সালের প্রথমার্ধেই কয়েকশ’ হাজার ইবোলা টিকা বিতরণ করা সম্ভব হবে।