ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ কমপক্ষে ৩০ জন। আহতদের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতদের মধ্যে শিরিনা বেগম (১৯) মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের আমিরুলের স্ত্রী। নিহত আরেক নারীর পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ-কোটচাদপুর সড়কে ইশ্বরবা নামক স্থানে কালীগঞ্জমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরিতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত ও ৩০ যাত্রী আহত হয়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ, কোটাচাঁদপুর ও যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শিরিনা বেগম নামের এক নারী মারা যান। আহত আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
