ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে দিলেন সাবেক স্ত্রী

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১৮:৪৭
 
রাজধানীর মিরপুরের রূপনগরে ঘুমন্ত অবস্থায় এক ব্যবসায়ীর গায়ে ফুটন্ত তেল ঢেলে দিয়েছে তার সাবেক স্ত্রী। এতে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন মোক্তার হোসেন (৩৮)। সোমবার ভোরে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় মোক্তার হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক চিকিত্সা কর্মকর্তা ডা. পার্থ শঙ্কর পাল জানান, মোক্তারের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধ মোক্তারের স্বজনরা জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ। মোক্তার তৈরি পোশাক বিক্রি করেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মিরপুরের রূপনগরে থাকেন তিনি। বনিবনা না হওয়ায় গত ১১ বছর আগে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সেই থেকে সন্তানদের নিয়ে বসবাস করেন। সন্তানরা তার কাছেই থাকে। মাঝে মধ্যে তাদের এসে দেখে যান। 
হাসপাতালে চিকিত্সাধীন মোক্তার ইত্তেফাককে জানান, রবিবার রাত ১০টার দিকে সাবেক স্ত্রী জোত্স্না বেগম তার রূপনগরের বাসায় আসেন। কারণ জানতে চাইলে ছেলেমেয়ের সঙ্গে দেখা করতে আসার কথা জানান। তিনি রাতে ছেলেমেয়েদের সঙ্গে ঘুমান। মোক্তার ঘুমান অন্য কক্ষে। ভোর ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় মুখমণ্ডল ও শরীরে সাবেক স্ত্রী ফুটন্ত সয়াবিন তেল ঢেলে দেন বলে অভিযোগ করেন মোক্তার। ঘটনার পর সাবেক স্ত্রী পালিয়ে যান।
মোক্তারের ছেলে বিজয় মাহমুদ (১৪) ইত্তেফাককে বলেন, তার মা রাতে তাদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোরে বাবার চিত্কারে তাদের ঘুম ভাঙে। তারা দেখে, বাবা ছটফট করছে। তার মুখমন্ডলসহ শরীরে গরম তেল দেয়া হয়েছে। ঘটনার পর বাসায় আর মাকে দেখতে পাইনি বলে জানায় বিজয়। তার দাবি, তার মা’ই এই কাজ করেছে।
রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিকদার মো. শামীম হোসেন ইত্তেফাককে বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ঘটনার কিছুই তারা জানতেন না। সাংবাদিকদের ফোন পেয়ে একজন পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান তিনি। সেখানে যাওয়ার পর পুরো ঘটনা জেনেছেন। তিনি বলেন, মোক্তার অভিযোগ দিলে এ ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন। দরকার হলে তার সাবেক স্ত্রীকে গ্রেফতার করবেন বলেও জানান।
স্বজনেরা বলেন, গুরুতর দগ্ধ অবস্থায় ভোর ছয়টার দিকে মোক্তারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়। বর্তমানে সেখানেই তিনি ভর্তি আছেন। অভিযোগের বিষয়ে তাত্ক্ষণিকভাবে মোক্তারের সাবেক স্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি। মোক্তারের স্বজনেরা জানান, এ ঘটনায় তারা মামলা করবেন।