বাসার সামনে ময়লা দেখলেই কলিং বেল বাজাবে পুলিশ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ০০:৩৩

চট্টগ্রাম মহানগরীতে বাসাবাড়ির সামনে ময়লা আবর্জনা দেখলেই কলিং বেল চাপবে পুলিশ। এরপর বাসার মালিককে ময়লা আবর্জনা পরিষ্কার করার অনুরোধ করা হবে। পুলিশ দাঁড়িয়ে থেকে এই পরিচ্ছন্ন কার্যক্রম তদারকি করবে। শুধু বাসাবাড়ি নয়-দোকানপাট, ব্যাংক, হোটেল, রেস্তোরাঁ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস প্রাঙ্গণসহ যেখানেই ময়লা আবর্জনা পড়ে থাকুক, সেখানেই ঢুঁ মারবেন চট্টগ্রাম মহানগর পুলিশের পরিচ্ছন্ন স্কোয়াডের সদস্যরা। গতকাল মঙ্গলবার নগরীর চিটাগং ক্লাবে মুরাদপুর লালখান বাজার ফ্লাইওভার প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ তথ্য জানান সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল।

জানা গেছে, ১৫০ থেকে ২০০ জন সদস্য নিয়ে পরিচ্ছন্ন স্কোয়াড গঠন করা হয়েছে। মোটর সাইকেল আরোহী পরিচ্ছন্ন স্কোয়াড সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি পরিচ্ছন্ন নগরী গড়তেও অবদান রাখবেন। পুলিশ কমিশনার বলেন, জনগণকে সেবা দেয়াই পুলিশের লক্ষ্য। দায়িত্ব নেয়ার সময় বলেছিলাম সেবার ঝুড়ি নিয়ে আমি এসেছি। সেবার পরিধি শুধু আইন-শৃঙ্খলা রক্ষার মধ্যে সীমিত রাখতে চাই না। চট্টগ্রাম যাতে পরিচ্ছন্ন নগরী হয়ে ওঠে সেজন্য পুলিশকে ভূমিকা রাখতে হবে।