ডাকসু ও হল সংসদ নির্বাচনে ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। এতে তফসিলের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। ভোটার তালিকায় নাম না থাকায় গতকাল রবিবার এ রিট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ফাহমিদা মজিদ। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এ আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হবে। রিটে শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ডাকসুর সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী রিট আবেদনকারীর ভোটার ও নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা রয়েছে। কিন্তু ভোটার না করায় তার অধিকার খর্ব হয়েছে। তিনি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই তফসিলে সম্পূরক ভোটার তালিকা করার জন্য ৫ মার্চ পর্যন্ত সুযোগ রাখা হয়েছে। যদি তাকে ভোটার করা হয় তাহলে সে ভোট দিতে পারবে। তবে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এ কারণে তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
প্রসঙ্গত গত ১১ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ১১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
