উত্তরায় ট্রেন-ট্রাক সংঘর্ষ এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৮:৪৫
 
রাজধানীর উত্তরায় আজমপুর রেল লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে প্রায় এক ঘণ্টা ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল। এ ঘটনায় রেলকর্তৃপক্ষ ট্রাকের বিরুদ্ধে ঢাকা জিআরপি থানায় একটি মামলা করেছে। সংঘর্ষে ট্রাকটি চুর্ণ বিচূর্ণ হয়ে যায়।
ঢাকা জিআরপি থানার ওসি আব্দুল মজিদ জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলষ্টেশন ছেড়ে যায়। বিমানবন্দর রেলষ্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দেয়ার পর রাত ১১ টার দিকে আজমপুর রেল লেভে ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা ইট বহনকারী একটি ট্রাককে ধাক্কা দিলে চুর্ন বিচূর্ণ হয়ে যায়। চালক ট্রেনটি ঘটনাস্থলে জরুরী ব্রেকের মাধ্যমে থামিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লেভেল ক্রসিংয়ের সিগন্যাল বার নামানোর আগে ঐ ইট বহনকারী ট্রাকটি ঢুকে পড়ে। রেললাইনের ওপর ট্রাকের স্টার্ট বন্ধ হয়ে যায়। অপরদিকে ঢাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেন আসতে দেখে এর চালক, সহকারী ও হেলপার ট্রাক থেকে নেমে যায়। পুলিশ একটি রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে ফেলা হয়। রাত ১২ টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।