রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৯:২৬
 
 
 
বুধবার সকালে রাজশাহী মহাগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা ও ভটভটি চালক নিহত হয়েছে। এরা হলেন, সিরাজগঞ্জের চৌহালি থানার চরধীতপুর গ্রামের সওদাগার আলীর ছেলে আরআরএফ এনজিও’র কর্মকর্তা নূরুল ইসলাম (৪০) ও মতিহার থানার চরশ্যামপুর গ্রামের ভটভটি চালক মোজাফ্ফর আলী (৪৫)। মোজাফ্ফর গাইবান্ধার গাঙ্গুয়ার বাবর আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে ভটভটি চালিয়ে মোজাফ্ফর আলী মোহনপুর যাবার সময় শাহ মখদুম থানা এলাকায় ভটভটি উল্টে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বেলা ১১টায় নগরীর রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা তেল পাম্প এলাকায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন নগরীর সায়েরগাছা আরআরএফ এনজিও শাখায় ম্যানেজার নূরুল ইসলাম। এ সময় অপর একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে জোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরী আনলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত শেষে উভয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উভয় ঘটনায় নগরীর রাজপাড়া থানার ইউডি মামলা হয়েছে।