র্যাবের অভিযানে সিদ্ধিরগঞ্জ থেকে লবণ বোঝাই ট্রাক থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকায় চেকপোস্ট বসিয়ে লবণ বোঝাই ট্রাকটি তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা জব্দ এবং ইয়াবা পাচারের দায়ে ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের নাম ফজলু, শ্যামল হাওলাদার ও সাদ্দাম। শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকা হতে ট্রাকে লবণ বোঝাই করে ঢাকার মিরপুরে যাচ্ছিল। আটককৃতরা লবণের বস্তা ও ট্রাকের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা নিয়ে এসে ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করত। মাদক পাচারে ব্যবহূত লবণ বোঝাই ট্রাকটিও জব্দ করা হয়।
র্যাব জানায়, আটক ফজলু ওই ট্রাকের চালক। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নিয়মিত ঢাকার কেরানীগঞ্জের এক ইয়াবা ডিলারের ইয়াবা পরিবহন করে আসছিল। তারা ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মূলত ইয়াবা পাচার করত।
