রাজধানীর দক্ষিণখান থানার কোর্ট বাড়ী রেল গেইটের পূর্ব পাশে স্থানীয় পত্রিকা এশিয়া বার্তা অফিসের সামনে থেকে চাদাঁবাজির অভিযোগে কথিত দুই সাংবাদিকে আটক করেছে দক্ষিণখান থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সাপ্তাহিক এশিয়া বার্তা পত্রিকার সম্পাদক মাসুম ও মুন্না সরকার।
দক্ষিন খান থানার থানার এসআই ফয়েজ জানান, স্থানীয় পত্রিকা এশিয়া বার্তার সম্পাদক মোখলেসুর রহমান মাসুমের নিয়োগভুক্ত গাড়ী চালক ছিল ওয়াসিম মাতাব্বর। মাসুম নানা অনৈতিক কর্মকাণ্ড ও নারী ব্যবসায় জড়িত থাকায় ২/৩ মাস পর ওয়াসিম চাকরি ছেড়ে দেন। এর পর থেকেই ওয়াসিমকে চাকরিতে পুনরায় যোগদানের জন্য চাপ হুমকি দিতে থাকে মাসুম। এমনকি হুমকি স্বরুপ পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে ওয়াসিমের কাছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মাসুম কোর্ট বাড়ী এলাকায় ওয়াসিমকে দেখতে পেয়ে এশিয়া বার্তা পত্রিকার অফিসের ৩য় তলায় জবরদস্তি করে ধরে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থানরত মাসুমের সহযোগী মুন্না সরকার (৩৫), ছেলে অপূর্ব, শ্যালক সাগর, দেবর শামীমসহ ১০/১৫ জন লোহার রড ও লাঠি দিয়ে ওয়াসিমকে আঘাত করতে থাকে। এ সময় ওয়াসিমের পকেটে থাকা গাড়ী ক্রয়ের তিন লক্ষ টাকা কেড়ে নিয়ে প্রশাসনের আশ্রয় নিলে মেরে ফেলা হবে বলে হুমকিও দেয়। ওয়াসিম থানায় অভিযোগ করলে পুলিশ মাসুম ও মুন্না সরকারকে আটক করে।
স্থানীয় সাংবাদিকরা জানান, এসব ব্যক্তি কথিত সাংবাদিকতার আড়ালে উত্তরা এবং এর আশেপাশে নিরীহ লোকজনকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া, মেয়েদের দিয়ে দেহ ব্যবসা, বিভিন্ন খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে পাত্র-পাত্রীর ব্যবসাসহ নানা অপরাধের সাথে দীর্ঘদিন ধরে জড়িত। এছাড়াও উত্তরা জোনের একাধিক থানায় তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, উত্তরা পূর্ব থানা ও উত্তরা পশ্চিম থানা এলাকায় অসামাজিক কার্যকলাপ ও চাঁদাবাজির অভিযোগে এশিয়া বার্তা পত্রিকার মোখলেসুর রহমান মাসুম ও মুন্না সরকারকে পতিতাসহ আটক করা হয়েছিলো।
