কুমিল্লার দাউদকান্দিতে মোখলেছুর রহমান নামে এক শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত মোখলেছুর রহমান দাউদকান্দি উপজেলার বোয়ালমারী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি এবং একই গ্রামের মজিবুর রহমানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফিরেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গ্রামের প্রধান সড়কের পাশের একটি ধান ক্ষেতে তার মরদেহ দেখতে পায়। সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ একই গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।
দাউদকান্দি থানার ওসি আবু সালাম মিয়া জানান, নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার বিরুদ্ধে দাউদকান্দি থানায় খুনসহ ৬টি মামলা রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।
