কুমিল্লা সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা

আপডেট : ০৭ নভেম্বর ২০১৪, ২১:১১
 
 
কুমিল্লা সীমান্ত এলাকায় এরশাদ মিয়া নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। শুক্রবার সকালে সে মারা গেলেও রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ হস্তান্তর হয়নি। তবে রাত ৮টায় এরশাদ মিয়ার লাশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। নিহত এরশাদ মিয়া কুমিল্লার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর গ্রামের আয়াত আলীর পুত্র।

জানা গেছে, জেলার বিবির বাজার সীমান্ত এলাকার ৪ বাংলাদেশিকে বৃহস্পতিবার রাতে ভারতীয়রা সিপাহীজ্বালা জেলার সোনামুড়া থানার দূর্গাপুর গ্রামে নিয়ে যায়। গভীর রাতে ৩ জন পালিয়ে আসতে পারলেও এরশাদ মিয়াকে (৩০) পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে সোনামুড়া হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। বিকাল ৪টার দিকে কুমিল্লার বিবির বাজার সীমান্ত এলাকায় উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত বিবির বাজার কোম্পানী কমান্ডার সুবেদার মাহবুব ভারতীয় বিএসএফ’র বরাত দিয়ে জানান, ওই বাংলাদেশিরা ভারতে অটো রিক্শার টায়ার চুরি করতে যাওয়ার অভিযোগ তুলে ভারতীয় লোকজন এরশাদ মিয়াকে আটক করে পিটুনী দেয়। পরে ভারতীয় পুলিশ তাকে উদ্ধার করে আহত অবস্থায় সোনামুড়া হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। কুমিল্লা কোটবাড়ীস্থ ১০ বিজিবি’র অধিনায়ক জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ৮টার দিকে ওই বাংলাদেশির লাশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।