শুক্রবার বিকালে রাজধানীর রামপুরায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন আশরাফুল ইসলাম (২৫), তানজিলা বেগম (১৩) এবং আশরাফি (৮)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, এদের মধ্যে তানজিলার শরীরের শতকরা ৩৬ ভাগ, আশরাফির ২৫ ভাগ এবং আশরাফুলের ১৭ ভাগ দগ্ধ হয়েছে।
রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান বলেন, “ছোট ঘরটির শুধু তোষকটি পুড়ে গেছে। কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে”। প্রাথমিক তদন্তে জানা গেছে, তানজিলা একটি ম্যাচের কাঠি জ্বালায়। এতে ঘরে আগুন জ্বলে উঠে কিছুক্ষণ পর নিভে যায়। এ সময়ের মধ্যে তাদের শরীর দগ্ধ হয়।
