শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাইনরটি ওয়াচ (বিডিএমডব্লিউ) ও বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (বিসিএইচআরডি) হিন্দু নির্যাতনের ওপর প্রতিবেদন প্রকাশ করেছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের কিছু চিত্র ও অভিযোগ তুলে ধরে একটি প্রতিবেদনটি প্রকাশ করে মানবাধিকার সংস্থা দুটি।
অনুষ্ঠানে ৫ জানুয়ারির নির্বাচনের পরে খুলনা, সাতক্ষীরা, যশোর, দিনাজপুর, লালমনিরহাট, বরিশাল ও টাঙ্গাইলে হিন্দুদের বাড়িতে হামলা, ভাংচুর, মন্দিরে অগ্নিসংযোগ ও নারীদের ধর্ষণের অভিযোগ আনা হয়। মানবাধিকার সংস্থা দুইটি থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব কাজে সরকার দলীয় সংসদ সদস্যদের মৌন সম্মতি ও স্থানীয় প্রশাসনের অবহেলার অভিযোগ করা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব বলেন, “সংখ্যালঘুদের ওপর নির্যাতন অধিকাংশ ক্ষেত্রেই ধর্মীয় কারণে হয়না। এটা একটি সামাজিক ব্যাধি। সুযোগ সন্ধানীরা যখন যে ক্ষমতায় আসে তাদের হয়ে এসব কাজ করে থাকে।”
