বিকল্পব্যবস্থা ছাড়া রাজধানীর সড়ক থেকে ইন্টারনেটের তার অপসারণে প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। রবিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি ডিপিডিসি ও ডেসকো ১০ দিনের নোটিসে আইএসপি ও কেবল অপারেটরদের ১০ নভেম্বরের মধ্যে রাজধানীর সব সড়কের বৈদ্যুতিক খুঁটি থেকে ইন্টারনেটের তার সরিয়ে ফেলতে বলে। সময় অতিক্রমের আগেই গুলশান ও বনানী এলাকায় ইন্টারনেটের তার কেটে ফেলা হয়েছে।
সংগঠনটির নেতাদের ভাষ্য, আইএসপিএবির সদস্যরা দুই দশক ধরে ডিপিডিসি ও ডেসকোর খুঁটি ব্যবহার করে ইন্টারনেট সংযোগের ব্যবসা চালিয়ে আসছেন। ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্কের (এনটিটিএন) তৈরি করা কাঠামোর সহায়তায় এরমধ্যে অনেক প্রধান সড়ক থেকে ইন্টারনেটের তার সরানো হয়েছে। শহরের সৌন্দর্য-বর্ধনের জন্য তার সরানোর উদ্যোগে সংগঠনটি সব সময় সহায়তা করেছে।তবে যেসব এলাকায় এনটিটিএনের কাঠামো নেই, সেখান থেকে তার সরিয়ে ফেললে ইন্টারনেট সংযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। এ সমস্যার সমাধানে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
