গাজীপুরে বিএনপির মিছিলে পুলিশের গুলি

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ১৯:১৪



গাজীপুরে বিএনপির মিছিলে শর্টগানের গুলি, টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এতে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত নয়জন। অন্যদিকে মিছিলকারীদের ইটপাথরের আঘাতে ১৫ পুলিশ আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার গাজীপুর শহরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। ব্যাপক সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। সমাবেশে গাজীপুর সিটির মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান প্রধান অতিথি ছিলেন। তার বক্তব্য শেষে বেলা সোয়া ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে দলটির নেতাকর্মীরা। এতে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে বাধা উপেক্ষা করে অগ্রসর হতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। পরে ক্ষিপ্ত বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ শর্টগানের ফাঁকা গুলি, টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মেয়র মান্নানসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে নয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

এরা হলেন- যুবদল নেতা ইউনুস, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, সদর থানা মহিলা দল নেত্রী ও সিটি কাউন্সিলর শিরিন চাকলাদার, রাশিদা চৌধুরী, ছাত্রদল নেতা রনি, স্বেচ্ছা সেবকদল নেতা সোহেল, বিএনপি নেতা ড. শহিদুজ্জামান, স্থানীয় দোকানদার বিজয়চক্রবর্তী ও স্কুল ছাত্র মেরাজ। তাদের ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী রুশদী বলেন, ‘কর্মসূচিতে ব্যাপক সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়। দলীয় কার্যালয় প্রাঙ্গন পরিপূর্ণ হয়ে পৌরমার্কেট এবং রেলগেট পর্যন্ত জনসমাগম ঘটে। তারপরও নেতা-কর্মীদের সমাবেশ অভিমুখী স্্েরাত অব্যাহত ছিল। ব্যাপক জনসমাগম হওয়ার কারণেই সরকারি দলের নির্দেশে পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ, গুলি ও টিয়ারসেল ছুড়েছে। এ সময় হুড়োহুড়িতে বুকে চাপ লেগে মেয়র আহত হয়েছেন। তাকে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনি দাবি করেন বিএনপির কেউ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েনি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান জানান, বিএনপির নেতাকর্মীদের দ্বারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশের অন্তত ৮-১০ জন সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, সমাবেশ চলাকালে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মী নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি এবং সংঘর্ষের একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তখন পুলিশ বাধ্য হয়ে কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান রেজা জানান, বিএনপির নেতাকর্মীদের দ্বারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের কারণে সেকেন্ড অফিসার এসআই হাসান, এসআই সাখাওয়াত, এএসআই কবির, কনস্টেবল আইনুল হকসহ পুলিশের অন্তত ১৫ সদস্য আহত হয়েছেন।