রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক একযোগে প্রশাসনিক ও একাডেমিক পদ থেকে পদত্যাগ করেছেন। পদোন্নতি পাওয়া শিক্ষকদের পদমর্যাদাসহ প্রাপ্য সুবিধা না দেয়া এবং উপাচার্যের ‘স্বেচ্ছাচারিতা’র প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে। গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদ আলীর কাছে শিক্ষকরা পদত্যাগপত্র দিয়েছেন। তারা প্রশাসনিক ও একাডেমিক ১৯টি পদের দায়িত্বে ছিলেন।
পদত্যাগপত্র জমা দিয়েছেন: কলা অনুষদের ডিন ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট ড. সাইদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত, পদার্থ বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. হাফিজুর রহমান সেলিম, রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন বিভাগের প্রধান ড. মোরশেদ হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান রফিউল আজম খান, মার্কেটিং বিভাগের প্রধান জাহিদ হোসেন, ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ আলী রায়হান, রসায়ন বিভাগের তরিকুল ইসলাম, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সহকারী প্রভোস্ট শেখ মাজেদ, একই হলের সহকারী প্রভোস্ট সাইদুর রহমান, সহকারী প্রভোস্ট তানিয়া তোফাজ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোরশেদ হোসেন ও শহীদ মুক্তার ইলাহী হলের প্রভোস্ট ড. আরএন হাফিজুর রহমান।
এদিকে শেখ মুজিবুর রহমান হলের সাক্ষাত্কার প্রক্রিয়া চলমান থাকায় ওই হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা পদত্যাগ করেননি। তারা পরে পদত্যাগ করবেন বলে জানা গেছে। বাকি কয়েকটি পদের দায়িত্বে থাকা শিক্ষকরা ছুটিতে থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারেননি। পরবর্তী সময়ে তারা উপস্থিত হয়ে তাদের পদত্যাগপত্র জমা দেবেন। অর্থাত্ বিশ্ববিদ্যালয়ের আরো ২৮টি পদ থেকে শিক্ষকরা পদত্যাগ করবেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষকদের পদত্যাগপত্র পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী ইতিমধ্যে বিষয়টি জেনেছেন। উপাচার্য জানিয়েছেন, পদত্যাগকারী শিক্ষকদের সঙ্গে আলোচনার পর ওই পদগুলোতে নতুন করে শিক্ষকদের দায়িত্ব দেয়া হবে।
