লাইটার জাহাজের নিখোঁজ চালকের লাশ উদ্ধার

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ১৫:০৭
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে এমভি কর্ণফুলী-৫ লাইটার জাহাজের চালক নিখোঁজ নূর নেয়াজের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়। নূর নেয়াজ মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বালিডিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
এখনো শেখ এনামুল হক মুকিত, আফছার পিয়াস, বাবুর্চিসহ নিখোঁজ রয়েছেন চার শ্রমিক। অন্যদিকে ঘটনার পর থেকে জাহাজের শ্রমিক শামীম হোসেন, টিটু ও শামীমের খালাত ভাইসহ তিনজন পলাতক রয়েছেন।
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খান জানান, রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারের মাছ ঘাট এলাকার মেঘনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করা হয়। জাহাজের মালিক আবদুস সালাম জাহেদ লাশ দেখে শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এর আগে জাহাজটি আটক করে তিন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। 
উল্লেখ, শুক্রবার চট্রগ্রাম থেকে সার বোঝাই এমভি কর্ণফুলী-৫ জাহাজ ১০জন নিয়ে পাবনার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর সাতজন শ্রমিক নিখোঁজ হন।