রমেক হাসপাতালে জমজ শিশুর মৃত্যুর অভিযোগ

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ১৫:৪২

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় জমজ ২ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে এবং রবিবার সন্ধ্যায় তাদের মৃত্যু হয়। এদিকে রাতে রাতে মৃত শিশুর স্বজনরা লাশ নিয়ে রংপুর প্রেসক্লাবে এসে চিকিৎসকদের অবহেলায় তাদের শিশুর মৃত্যু হয়েছে এমন অভিযোগ করে চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার খামার মনিরাম গ্রামের অলি হকের প্রসূতি স্ত্রী মঞ্জিলা বেগমের প্রসব বেদনা উঠলে তাকে দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনি জমজ ২টি পুত্র সন্তান প্রসব করেন। পরে শিশু ২টির উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসকদের অবহেলায় বিনা চিকিৎসায় গতকাল দুপুরেই ১ শিশুর মৃত্যু হয়। পরে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফন করা হয়। এদিকে রবিবার সন্ধ্যায় বিনা চিকিৎসায় অপর শিশুটিরও মৃত্যু হয়। রাতে রংপুর প্রেসক্লাবে শিশুটির লাশ নিয়ে এসে অলি হকসহ স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের অভিযোগ করে বলেন, শিশু ওয়ার্ডের চিকিৎসক ডা. এম এ মোস্তাকিমের তত্ত্বাবধানে শিশু ২টি চিকিৎসাধীন থাকলেও তিনি কিংবা অন্যান্য চিকিৎসকরা একবারও দেখতে আসেননি। শুধুমাত্র একজন নার্স এসে একবার দেখে গেছেন। চিকিৎসকদের অবহেলায় আমাদের সুস্থ সন্তান ২টির মৃত্যু হয়েছে। চিকিৎসকদের অবহেলায় যেন আর কোন মায়ের কোল খালি না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা। এ সময় মৃত শিশুর লাশ কোলে নিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অলি হকসহ তার আত্মীয়-স্বজনরা।
এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য ডা. এম এ মোস্তাকিমের সাথে যোগাযোগ চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।