ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন ও বেতারের ২৭জন সাংবাদিক পেয়েছেন ডিআরইউ-গ্রামীণফোন রিপোর্টিং অ্যাওয়ার্ড।
সোমবার বিকালে হোটেল সোনারগাঁও এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রত্যেক বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও সম্মানী তুলে দেয়া হয়। মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেডের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মাধ্যমের তিনজন রিপোর্টার যৌথভাবে শ্রেষ্ঠ অনুসন্ধানী রিপোর্টিংয়ের জন্য এক লাখ টাকা মূল্যমানের সাগর-রুনী স্মৃতি পদক পেয়েছেন। তারা হলেন-যমুনা টেলিভিশনের মো: আলাউদ্দিন আহমেদ (অপূর্ব আলাউদ্দিন), দ্যা রিপোর্ট ২৪ ডটকমের কাজী জামশেদ নাজিম এবং দৈনিক প্রথম আলোর রোজিনা ইসলাম।
প্রিন্ট রিপোর্টিংয়ে ১৫টি বিষয়ে বিজয়ীদের মধ্যে এক লাখ টাকা মূল্যমানের মুক্তিযুদ্ধ বিষয়ক রিপোর্টে (ডিআরইউ প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল কবির স্মৃতি পুরস্কার) অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক সমকালের মোঃ আবু সালেহ রনি।
প্রতিটি ৭৫ হাজার টাকা মূল্যমানের অন্য ১৪টি বিষয়ে অ্যাওয়ার্ড পেয়েছেন-শিক্ষা বিষয়ক রিপোর্টে দৈনিক যায় যায় দিনের মো: মামুন হোসেন, সংসদ, আইন ও বিচার, নির্বাচন কমিশন বিষয়ক রিপোর্টে দৈনিক প্রথম আলোর সেলিম জাহিদ, রাজনীতি বিষয়ক রিপোর্টে ডেইলি ঢাকা ট্রিবিউনের জুলফিকার আলি মাণিক, নগরীর সমস্যা ও সম্ভাবনা বিষয়ক রিপোর্টে দৈনিক বর্তমানের দীপন নন্দী, অর্থনীতি বিষয়ক রিপোর্টে দৈনিক জনকণ্ঠের শাহ মো: কাওসার রহমান, নারী ও শিশু বিষয়ক রিপোর্টে দৈনিক যুগান্তরের মোঃ হামিদুর রহমান ভূইয়া (শিপন হাবীব), ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক রিপোর্টে দৈনিক সমকালের রাজীব নূর, ক্রীড়া বিষয়ক রিপোর্টে দৈনিক কালের কণ্ঠের মো: রাহেনুর ইসলাম, বিদ্যুত ও জ্বালানি বিষয়ক রিপোর্টে দৈনিক জনকণ্ঠের মো: মামুন-অর-রশিদ (রশিদ মামুন), কৃষি বিষয়ক রিপোর্টে ডেইলি স্টারের পরিমল পালমা, অপরাধ ও আইন-শৃংখলা বিষয়ক রিপোর্টে দৈনিক জনকণ্ঠের সুমি খান, জনশক্তি বিষয়ক রিপোর্টে দৈনিক ইনকিলাবের তাকী মোহাম্মদ জোবায়ের, তথ্য, যোগাযোগ প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক রিপোর্টে দৈনিক প্রথম আলোর ফখরুল ইসলাম (হারুণ) এবং স্বাস্থ্য বিষয়ক রিপোর্টে ডেইলি ঢাকা ট্রিবিউনের মনিরুজ্জামান উজ্জ্বল।
টেলিভিশন রিপোর্টিংয়ে ৬টি বিষয়ে বিজয়ীদের মধ্যে এক লাখ টাকা মূল্যমানের তথ্য, যোগাযোগ প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক রিপোর্ট (ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক পথিক সাহা স্মৃতি পুরস্কার) অ্যাওয়ার্ড পেয়েছেন জিটিভির রাজু আহমেদ।
প্রতিটি ৭৫ হাজার টাকা মূল্যমানের অন্য ৫টি বিষয়ে অ্যাওয়ার্ড পেয়েছেন-অর্থনীতি বিষয়ক রিপোর্টে চ্যানেল ২৪ এর মজুমদার বাবু। নগরীর সমস্যা ও উন্নয়ন বিষয়ক রিপোর্টে যমুনা টেলিভিশনের নাজমুল হোসেন, অপরাধ ও আইন-শৃংখলা বিষয়ক রিপোর্টে চ্যানেল আইয়ের মোরছালীন বাবলা, সুশাসন ও দুর্নীতি বিষয়ক রিপোর্টে একাত্তর টেলিভিশনের পারভেজ নাদির রেজা এবং পরিবেশ ও প্রকৃতি বিষয়ক রিপোর্টে ইনডিপেনডেন্ট টেলিভিশনের শিমুল বাশার।
অনলাইন রিপোর্টিংয়ে প্রতিটি ৭৫ হাজার টাকা মূল্যমানের ২টি বিষয়ে অ্যাওয়ার্ড বিজয়ীরা হচ্ছেন-মানবাধিকার বিষয়ক রিপোর্টে বাংলা নিউজ ২৪ ডটকমের রফিকুল ইসলাম (মন্টু) এবং উন্নয়ন ও সমস্যা বিষয়ক রিপোর্টে দ্যা রিপোর্ট ২৪ ডটকমের আবু হানিফ রানা।
৭৫ হাজার টাকা মূল্যমানের রেডিও রিপোর্টিংয়ে অ্যাওয়ার্ড পেয়েছেন এবিসি রেডিও এর শাহনাজ শারমীন।
ডিআরইউ-গ্রামীণফোন রিপোর্টিং অ্যাওয়ার্ড নির্বাচনের জন্য ১৩ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছিলো। ওই বোর্ডের সুপারিশের ভিত্তিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক এবং গ্রামীণ ফোন লিমিটেডের হেড অব কমিউনিকেশনস মার্কাস এডাকটুসন।
বক্তৃতা দেন জুরি বোর্ড চেয়ারম্যান শাহজাহান সরদার, ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম হলো গণতন্ত্রের পীঠ। গণতন্ত্র এমন একটি জিনিস যা মানুষকে কথা বলার অধিকার দেয়,কিন্তু মিথ্যাচারের অধিকার কারোর নেই। তিনি গণমাধ্যমকে নিরপেক্ষ না থেকে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে কাজ করার জন্য আহবান জানান।
