স্বর্ণের দোকানে আগুন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১৬

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ১১:২৪

চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা হাজারীগলির কয়েকটি স্বর্ণের দোকানে বুধবার রাত সাড়ে ১০টায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুন দ্রুত কয়েকটি দোকানে ছড়িয়ে পড়লে প্রচ- শব্দে কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।  এই ঘটনায় নারী ও শিশুসহ অগ্নিদগ্ধ হয়ে আহত ১৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৪/৫ জনের অবস্থা আশংকাজনক বলে রাত সাড়ে ১১টায় চমেক পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক জাহাঙ্গীর জানান। তিনি জানান আহতদের মধ্যে নির্মল (৩০) ও তুলসি সেনকে (৫০) চমেক হাসপাতাল থেকে নগরীর একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে রাত সোয়া ১১টায় জানানো হয় ফায়ার সার্ভিসের আগুন নেভানোর গাড়িগুলো ঘটনাস্থলে অবস্থান করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির বিবরণ এবং আগুন লাগার কারণ জানাতে সময় লাগবে।