দাউদকান্দিতে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। উপজেলার দৌলতপুর এলাকায় শুক্রবার ভোরে কাভার্ড ভ্যানটি উল্টে গেলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কাভার্ড ভ্যানটি সরিয়ে নিলেও দুপুর পর্যন্ত ঐ এলাকার প্রায় ৫০ কি.মি সড়কজুড়ে যানজট অব্যাহত ছিল।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে দাউদকান্দি উপজেলার গোমতি সেতু পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম জানান, যানজট নিরসনে ময়নামতি, দাউদকান্দি এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, দেশে ফিটনেসবিহীন গাড়িতে অভিযান চলছে। তাই চালকরা দিনের বেলায় গাড়ি না চালিয়ে রাতে মহাসড়কে হাজারো ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলের প্রতিযোগিতায় নেমে পড়ে। একদিকে সড়ক দুর্ঘটনা অপরদিকে ফিটনেসবিহীন পণ্যবাহী অতিরিক্ত গাড়ির চাপের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
