পৃথিবীতে ফ্যাশন সচেতনদের সবচেয়ে বড় অংশের নাম ‘ইয়ং হার্ট প্রজন্ম’। ওরা প্রতিনিয়ত খবর রাখে বিশ্ব-ফ্যাশনে কী চলছে, আর কী হবে তার আসন্ন ঋতুর পোশাক। রং, বৈচিত্র্যে তা হতে হবে ট্রেন্ডি। থাকতে হবে বিশ্বায়নের ছাপ। বয়স বেড়ে গেলে অধিকাংশ মানুষই কোনো না কোনো ক্ল্যাসিক স্টাইলে বেঁধে ফেলে তার নিজস্ব ফ্যাশনকে। অপর পক্ষে, তরুণ-তরুণীদের আনন্দ নতুন নতুন ডিজাইন, নতুন রঙে নতুন ঋতুতে সচেতনতা বজায় রেখে সাজতেই যেন আগ্রহ বেশি। আর তাই বলা যায়, উদ্যমী তারুণ্যের পোশাকি ভাষা হোক সময়ের সঙ্গী, বিশ্বায়নের অংশীদার।
স্প্রিং সামার মৌসুমটি মূলত সৃজিত ফ্যাশনের সৌকর্য উপস্থাপনা। তাই তো মুড আর ডেস্টিনেশনকে প্রাধান্য দিয়েই নতুন পোশাক এনেছে ক্যাটস আই। জীবনযাত্রায় সহজতা বাড়াতে পোশাকের প্যাটার্নে নতুনত্ব এনেছে এবারও। এতে থাকছে প্রিন্টেড স্মার্ট ক্যাজুয়াল শার্ট, লং টপস, রাউন্ড নেক টি-শার্ট, পোলো টি-শার্ট ছাড়াও চিনোস প্যান্ট। রঙের ব্যবহারে এসেছে কোমলতা; আবার এরই বৈপরীত্যে থাকছে রাতের ফরমাল পোশাকে। ক্যাটস আইয়ের পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, ক্যাটস আইয়ের স্প্রিং সামার কালেকশনটি পুরোটাই তারুণ্যনির্ভর। এবারের হাফ হাতা স্মার্ট ক্যাজুয়াল শার্টগুলোও বেশ আঁটসাঁট কাটের, যুতসই কলার প্যাটার্ন ও বর্ণিল প্রিন্টে তৈরি। পাশাপাশি প্রাণবন্ত ভাব ধরে রাখতে ক্যাটস আইয়ে থাকছে অফিস অ্যান্ড আফটার অফিস ব্যবহার উপযোগী আউটফিটও। স্টোরের পাশাপাশি শুধু অনলাইনে ক্যাটস আই ভার্চুয়াল স্টোর থেকে পণ্য ক্রয়ে থাকবে ১০ ভাগ বাড়তি ছাড়ের সুযোগও।
সেইলরের প্রধান পরিচালক কর্মকর্তা রেজাউল কবীর জানান, প্রতিদিনের ফ্যাশন এখন তারুণ্যের নিজস্বতা প্রকাশের ক্যানভাস। প্রতিদিনের ফ্যাশন বলতে বোঝানো হয় ক্লাস, আড্ডা, ঘোরাঘুরিতে; যা আমরা সচরাচর করে থাকি। আর প্রতিদিনের ফ্যাশনে শহুরে মেট্রো লাইফে অভ্যস্তদের পছন্দ মোটেও জমকালো নকশার ডিজাইন নয়। সময়টা ফ্যাশন যেমন মেনে চলা, তেমনি পরনেও হওয়া চাই আরামদায়ক। এ বয়সে ছেলেমেয়েরা ধনুকের মতো ঘুরতে চায় রঙিন দুনিয়ায়। উড়তে চায় পাখি হয়ে দেশ-বিদেশে। পোশাকের জমকালো ডিজাইন বহনে চলে না দৌড়-ঝাঁপ, ছোটাছুটি। তাই হালকা নকশায় পছন্দের পোশাক বেছে নেন অধিকাংশই। তারুণ্যের পছন্দের পোশাকের বিবরণ দিতে গিয়ে দেশীয় ব্র্যান্ড তানজীমের প্রধান ডিজাইনার তানজীম হক জানান, ‘চঞ্চলতা ফ্যাশন আউটফিটে ফুটে উঠে। শহুরে ফ্যাশন ট্রেন্ড মূলত বৈচিত্র্য পায় পাশ্চাত্য পোশাকেই। দেশীয় প্যাটার্ন অনুসরণ করা হলেও ভিন্নতা থাকে উপস্থাপনা আর ফেব্রিকে। জিন্স বা টুইল চিনো সব সময়ই তরুণ-তরুণীদের পছন্দের পোশাক। তবে তরুণীদের জন্য তৈরি নানা রকম ছাপা নকশার প্যান্টও এখন বেশ চলছে।
এ ছাড়া পালাজ্জো ও জেগিংসের জনপ্রিয়তায় এবারও থাকছে তুঙ্গে। স্লিম ফিট ও পকেট ছাড়া ছাপা নকশার শার্টও এখন তরুণদের কাছে জনপ্রিয়। উত্সবের বর্ণিলতাকে সঙ্গী করেই কাজের প্রয়োজনে বা আয়োজন বুঝে প্রতিদিন পোশাক নির্বাচন করতে হবে। তাই ফুলহাতা শার্ট, হাফহাতা শার্ট, পোলো টি-শার্ট বা টি-শার্ট সবটাই পরার চল আছে। প্যান্টের ক্ষেত্রে টুইল বা পাতলা কাপড়ের খাটো প্যান্ট সবই এখন ট্রেন্ড। বন্ধুদের সঙ্গে ‘হ্যাং আউটের’ বেলায়ও খাটো প্যান্টের সঙ্গে অনেকে টি-শার্ট বা পোলো টি-শার্ট পরছেন। আবার কেউ কেউ সান্ধ্য আড্ডায় বেছে নিচ্ছেন প্রিন্ট বা চেক শার্ট বা এক রঙা ফ্লোর প্লে দুই বোতামের পোলোও। একেবারেই ইয়ং ক্রেজি ফ্যাশন হান্টারদের কাছে সিম্পল প্যাটার্নের চাহিদা বেশি। তরুণীরা এ সময়টায় কেউ কেউ কর্ড স্লোডার, অফ স্লোডার বা গাউন কাটিং লং পোশাকও পছন্দ করেন।
গতানুগতিক গ্রাফিক্স আর্টের পাশাপাশি বর্ণিল রং, গ্রীষ্মের ফুল ও পাতা প্রিন্ট, গ্রাফিক আর্টস, অ্যাজটেক প্রিন্ট এবং ফেব্রিকে গার্মেন্ট ওয়াশ এখন চলতি ফ্যাশন ট্রেন্ড।
ইন্টারন্যাশনাল ট্রেন্ড অনুযায়ী টি-শার্টের ডিজাইনে যোগ হয়েছে মাল্টি লেয়ার প্রিন্ট। প্রিন্টেড রাউন্ড নেক টি-শার্টের পাশাপাশি ফুলহাতা হেনলি এখন জনপ্রিয়। ওয়াশ কিংবা ভিনটেজ লুকের হেনলিও তরুণদের কাছে জনপ্রিয়। টি-শার্টের ওপরে শার্ট পরে বোতাম খুলে রাখা ছেলেদের ক্ল্যাসিক ক্যাজুয়াল ফ্যাশন। বছরের পর বছর ধরে এই ফ্যাশনের জনপ্রিয়তা এখনো অটুট।
দেশীয় ঢঙে পাশ্চাত্য ফ্যাশন অনুসরণ করছে জনপ্রিয় কিছু রেডি টু ওয়ার ব্র্যান্ড হলো ক্যাটস আই, এক্সট্যাসি, জেন্টল পার্ক, আইকনিক ফ্যাশন গ্যারেজ, সেইলর, ইয়েলো।
মডেল মাইশা, হাসিন ও রনি
পোশাক ক্যাটস আই
ছবি রনি রেজাউল
