কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদত্যাগ করার পর এবার পদত্যাগ করলেন কলেজের উপাধ্যক্ষ ডা. কে.এ মান্নান। ছাত্রদের আন্দোলনের মুখে গত বৃহস্পতিবার অধ্যক্ষ পদ থেকে অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদের পদত্যাগ করার দুই দিনের মধ্যে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ অসুবিধার কথা উল্লেখ করে গতকাল শনিবার উপাধ্যক্ষ পদত্যাগ করেন। ফ্যাক্স ও ই-মেইলে তিনি তাঁর পদত্যাগপত্রের কপি গতকাল শনিবার স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের বরাবরে প্রেরণ করেন।
ডা. কে.এ মান্নান জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি গতকাল শনিবার পদত্যাগপত্রের কপি স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের বরাবরে প্রেরণ করেছেন। কলেজের অধিকাংশ শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, তুচ্ছ কারণে একটি কুচক্রীমহল ইন্ধন দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে নামিয়ে অধ্যক্ষকে পদত্যাগের পরিবেশ সৃষ্টি করে।
