ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবার এক মার্কিন ত্রাণকর্মীর শিরোশ্ছেদ করেছে। সংগঠনটি শিরোশ্ছেদ করার ভিডিও গতকাল রবিবার ইন্টারনেটে প্রকাশ করেছে।
ভিডিওতে যেসব মুখোশধারী ব্যক্তিদের দেখা যাচ্ছে, তাদের একজনকে জিহাদি জন নামে পরিচিত এক ব্রিটিশ জঙ্গি বলে মনে করা হচ্ছে। এর আগের চার পশ্চিমা জিম্মিকেও হত্যা করেছিল এই জিহাদি জন। একটি ব্রিটিশ সংবাদপত্রে গতকালই খবর বেরিয়েছে যে জিহাদি জন এক মার্কিন বিমান হামলায় আহত হয়েছে। কিন্তু এই খবরের সত্যতা কেউ নিশ্চিত করেনি। আবদুল রহমান কাসিগ ছিলেন মার্কিন সেনাবাহিনীতে কর্মরত। ইসলাম ধর্মে দীক্ষা নেয়ার আগে তার নাম ছিল পিটার কাসিগ। মার্কিন বাহিনীর হয়ে তিনি ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। কিন্তু ধর্মান্তরিত হওয়ার পর তিনি ত্রাণকর্মী হিসেবে কাজ শুরু করেন। সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর কাসিগ সেখানে লড়াইয়ে আহত বেসামরিক মানুষদের জরুরি চিকিত্সা সহায়তা দেয়ার জন্য একটি ত্রাণ সংস্থা চালু করেন।
