ভারতীয় বুলেট প্রুফ গাড়ি ব্যবহারের প্রস্তাব প্রত্যাখ্যান নওয়াজের

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ০১:৪০

আগামী সপ্তাহে নেপালে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সংগঠন সার্ক সম্মেলন উপলক্ষ্যে ভারতের দেয়া বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের প্রস্তাব প্রত্যাখান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল সোমবার নেপালের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভি’র।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খাগা নাথ অধিকারি জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিজের গাড়ি ব্যবহার করবেন। বাকি সবাই ভারতের দেয়া গাড়ি ব্যবহার করবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নিজের গাড়ি ব্যবহার করেন। তাই এটা কোনো ধরনের ইস্যু নয়। কেবল ভারতের গাড়ি বলেই পাকিস্তান এই পদক্ষেপ নিয়েছে কিনা এরকম এক প্রশ্নের জবাবে মুখপাত্র বিষয়টি অস্বীকার করেন। গত অক্টোবর থেকে দুই দেশের মধ্যকার জম্মু ও কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনায় কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। আগামী ২৬ ও ২৭ নভেম্বর নেপালের রাজধানী কাঠমন্ডুতে   সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশনের (সার্ক) সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও আফগানিস্তানের নেতারা অংশ নেবেন।