ছারপোকা’র তথ্য খুঁজতে পুলিশকে আদালতের নির্দেশ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১৩:৫৫
 
ট্রেনের যাত্রী আসনে ছারপোকার উপদ্রবের জন্য দায়ী কে এবং রেলওয়ের কোন কর্তৃপক্ষের উদাসীয়তা রয়েছে তা তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য বগুড়ার সান্তাহার রেলওয়ে জি আর পি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বগুড়া জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ মোহাম্মদ আবুল কালাম আজাদ। আগামী ২০ নভেম্বর এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
পুলিশকে দেওয়া ঐ নির্দেশ নামায় বলা হয়েছে যে, দন্ডবিধি (১৮৬০ সালের ৪৫ নং আইন) এর-১৪তম অধ্যায় পর্যালোচনা করে বিষয়টি ২৬৯ ও ২৭০ ধারায় অপরাধ কর্ম। এই মর্মে বিষয়টি জনস্বাস্থ্যের সাথে জড়িত এবং রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতায় এরূপ জনস্বাস্থ্য বিরোধী হুমকির কারণ বলে বলা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, বগুড়া থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় ২৬ অক্টোবর সংখ্যায় “পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে ছারপোকার উপদ্রবে যাত্রীরা অতিষ্ঠ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আদালতের দৃষ্টিগোচর হয়। আদালত প্রতিবেদনটি পর্যালোচনা করে এটি জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরুপ এবং এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের চরম উদাসীনতা রয়েছে বলে লক্ষ করেছেন। এ কারণে সংবাদটির বিষয় বস্তুর তদন্ত হওয়া প্রয়োজন।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাঈদ ইকবাল আদালতের নির্দেশের কপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত কাজ শুরু করা হবে।