পল্টনে বিএনপি কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ২০:২৫

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে হোটেল ভিক্টোরির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে পরপর দুইটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
স্থানীয়রা জানান, হঠাৎ করে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের শব্দ আমরা শুনেছি। তবে কে বা কারা এটা ঘটিয়েছে তা দেখা যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে এসেছে। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত কেউ আটকও হননি।
পল্টন থানা পুলিশ জানিয়েছে, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আশপাশের মানুষের কাছ থেকে তথ্য নিয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে বলে পুলিশ জানিয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই নয়াপল্টনে আন্দোলন করছেন পদবঞ্চিত নেতারা। এরপর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে মাঝে মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গত সোমবার রাতেও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর ধানমন্ডির বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ সব ঘটনার দায় নিচ্ছে না ছাত্রদলের পদবঞ্চিত অথবা পদধারী নেতারা।