পাঁচছাত্রীর ওপর হামলার ঘটনায় ৭ বখাটের বিরুদ্ধে মামলা

আপডেট : ২০ নভেম্বর ২০১৪, ১৬:১৬

জেএসসি পরীক্ষা শেষে অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের পাঁচছাত্রীর ওপর বখাটেদের হামলার ঘটনায় কেন্দুয়া থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার গন্ডা দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম বাদী হয়ে ৭ বখাটেসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
জানা গেছে, কয়েকদিন ধরে বাঘবেড় গ্রামের তোফায়েলসহ একদল বখাটে পরীক্ষায় আসা-যাওয়ার পথে ছাত্রী সুমা আক্তারকে উত্ত্যক্ত করে আসছিল। গত বুধবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সান্দিকোনা-সোহাগী সড়কের বাঘবেড় নামক স্থানে তোফায়েলসহ একদল বখাটে অটোরিকশার গতিরোধ করে সুমা আক্তারকে টেনে-হিঁচড়ে নিয়ে যেতে চাইলে তার সহপাঠীরা বাধা দেয়।
এ সময় বখাটেদের হামলায় ছাত্রী হাফসা আক্তার, মৌসুমী আক্তার, তানিয়া আক্তার সুইটি আক্তার, ছাত্র বাবুল মিয়া ও অটোরিকশা চালক আব্দুল হালিম আহত হন।
  কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলার সঙ্গে জড়িত বখাটেদের গ্রেফতারের চেষ্টা চলছে।