ফেনীর দাগনভূঞায় ১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে দাগনভূঞা পৌরসভার দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের বিকট আওয়াজে লাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায় নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র থেকে জানা যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহ-সম্পাদক জিয়া উদ্দিন মাসুদের সঙ্গে পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল আউয়ালের বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এখন ঔই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দেশিয় অস্ত্র নিয়ে দুইপক্ষের লোকজন এলাকায় মহড়া দিচ্ছে বলে জানা গেছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
