কথা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাইজে দেয়া এক টেলিভিশন ভাষণে তিনি তার নির্বাহী ক্ষমতা বলে ৫ মিলিয়ন অবৈধ অভিবাসীকে বৈধ করার ঘোষণা দিয়েছেন। এমন এক সময় ওবামা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করছেন যখন সদ্য অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।
তবে আশার কথা হলো, ৫ মিলিয়ন অবৈধ অভিবাসীর মধ্যে বাংলাদেশি প্রায় ১০ হাজার, যারা দীর্ঘদিন ধরে সুবিধা ও অধিকারবঞ্চিত হয়ে মার্কিন মুল্লুকে বসবাস করছেন। বৈধতা পেলে এসব বাংলাদেশি নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে ওবামা বলেন, আমেরিকার মূল শক্তি হচ্ছে ইমিগ্র্যান্টরা গত এক দশক ধরে ইমিগ্রেশন ইস্যু নিয়ে নানান রাজনৈতিক খেলা হয়েছে। আমি সিনেট এবং কংগ্রেসকে বারবার আহ্বান করেছি ইমিগ্রেশন রিফর্ম বিল আনার জন্য। কিন্তু রিপাবলিকানদের কারণে আমরা ব্যর্থ হয়েছি। নির্বাচনের পূর্বে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইমিগ্রেশন রিফর্ম নিয়ে আমি কাজ করব, সিনেট এবং কংগ্রেস কিছু না করলেও আমি মানুষের প্রত্যাশা পূরণ করব।
তিনি বলেন, আমি জানি এই দেশে যারা উন্নত জীবনের জন্য এসেছেন, তারা কত কষ্ট করছেন। কাগজপত্র না থাকায় অড করছেন। আবার কেউ কেউ দুই তিন কাজও করছেন। কারণ তারা পাচ্ছেন না কোনো সরকারি সাহায্য। এমন কি কাগজ না থাকায় মালিকও তাদের ঠাক্কাচ্ছেন।
ওবামা বলেন, যারা দেশে এসেছে, আইন মেনে কাজ করছে, বছরের পর বছর রয়েছে, তাদের স্বপ্ন রয়েছে এদেশে বৈধ হবার। প্রেসিডেন্ট বলেন, আমি জানি কাজগপত্র না থাকায় সন্তানের কাছ থেকে তার মাকে কেড়ে নেয়া হয়েছে। আমি আর তা শুনতে চাই না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রায় ১২ মিলিয়ন অবৈধ ইমিগ্রান্ট রয়েছে। ওবামার এই ঘোষণার ফলে প্রায় ৫ মিলিয়ন অবৈধ ইমিগ্রান্ট বৈধ হবার সুযোগ পাবেন। ওবামার এই ঘোষণার সাথে সাথেই হোয়াইট হাউজের সামনে আনন্দ মিছিল করেছেন অবৈধ ইমিগ্রান্ট এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা।
এ প্রেসিডেন্ট ওবামা রিপাবলিকানদের উদ্দেশে বলেছেন, আমি যা করেছি আইন অনুযায়ীই করেছি, আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বলেই করেছি। তিনি রিপাবলিকানদের উদ্দেশে বলেন, আপনারা যদি সম্মিলিতভাবে কোনো বিল পাশ করে আমার কাছে পাঠান তাহলে আমি তা স্বাক্ষর করে দেবো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ওবামা এক ঢিলে দুই পাখি শিকার করেছেন। একদিকে অবৈধ ইমিগ্রেন্ট এবং তাদের আত্মীয়- স্বজনদের মন জয় করে নিয়েছেন, অন্যদিকে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর সিনেট এবং হাউজে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের বেকায়দায় ফেলে দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠের সুযোগে যে কাজটি রিপাবলিকানরা করে ইমিগ্র্যান্টদের ভোট নিতে পারতো সেই কাজটি ওবামাই ডেমক্র্যাটদের জন্য করে দিলেন।
