মার্চে ‘নতুন’ পূজা!

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৯

নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু হওয়ার পর থেকে বেশ সফলতার সাথে কাজ করছেন পূজা চেরি। ‘পোড়ামন ২’, ‘দহন’-এর পর থেকে সেই সফলতার আলোচনা যেনো আরো বেড়ে গেছে। এরইমধ্যে  এ বছর মুক্তি পেয়েছে তার ‘দহন’ ছবিটি। এবার পরবর্তী ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন পূজা। ‘প্রেম আমার ২’ শিরোনামে যৌথ প্রযোজনার ছবিটি মুক্তি পাবে মার্চের ১ তারিখ।

কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনের সঙ্গে ঢাকার জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা করেছে ছবিটি। সারাদেশে প্রায় ৬০টি হলে মুক্তি ‘প্রেম আমার ২’। ২০১৮ সালের মার্চে শুরু হয় ছবির শুটিং। পূজা চেরীর সঙ্গে এ ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে কলকাতার অদ্রিতকে। এর আগেও ‘নূর জাহান’ শিরোনামে একটি ছবিতে দেখা গেছে এই জুটিকে। এবার দ্বিতীয়বারের মতো পর্দায় আসছেন তারা। ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর সহকারী বিদুলা ভট্টাচার্য্য। গত ৮ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছে ‘প্রেম আমার ২’। এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি প্রসঙ্গে পূজা বলেন, ‘বেশ ভালো একটি কাজ হয়েছে। যদিও এটি একটি সিক্যুয়াল ছবি তবে নতুন গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। বেশ চ্যালেঞ্জিং ছিল কাজটা। কারন ‘প্রেম আমার’ ছবিটি সুপারহিট একটি ছবি ছিল। সেই জায়গা থেকে সেই ছবির সিক্যুয়ালটি কতটুকু দর্শকদের ভালো লাগবে সেটির জন্য অপেক্ষায় আছি।’