মাদাগাস্কারে প্লেগে ৪০ জনের মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ১৩:১০
মাদাগাস্কারে প্লেগের প্রাদুর্ভাবে ৪০ জনের মৃত্যু ও আরো অন্তত ৮০ জন আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত  দিয়ে শুক্রবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই রোগ দ্রুতগতিতে দেশটির রাজধানী আন্তানানারিভোয় ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। অন্যপ্রাণী থেকে এই জীবাণু মাছিতে প্রবেশ করায় এই প্রাদুর্ভাব বেড়ে গেছে।
আক্রান্ত মাছির কামড়ে প্লেগ মানবদেহে সংক্রামিত হয়। প্রাথমিক পর্যায়ে রোগটিকে ধরা পড়লে অ্যান্টিবায়োটিকের সাহায্যে চিকিৎসা করা সম্ভব হয়।
কিন্তু মাগাদাস্কারে প্লেগের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তার ২ ভাগ আরো মারাত্মক পর্যায়ের। আর এটি কাশির মাধ্যমে মানুষের থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে।
চলতি বছরের অগাস্টে রাজধানী আন্তানানারিভো থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে সিরোআনোমানদিদে জেলার সোয়ামাহাতামানা গ্রামে প্রথম আক্রান্ত ব্যক্তির খোঁজ পাওয়া যায়।
এরপর দেশটির রাজধানীতেও নিশ্চিতভাবে প্লেগ আক্রান্ত দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়। এদের মধ্যে একজন মারা গেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আন্তানানারিভো শহরটি ঘনবসতির কারণে এবং দুর্বল চিকিৎসা ব্যবস্থার কারণে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
তবে এটির প্রাদুর্ভাব ঠেকাতে একটি টাস্কফোর্স কাজ করছে।