যশোরের শার্শা ও বেনাপোল উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিস, কাপ, পিতলের মূর্তি, তৈরি পোশাক, ওষুধ, চাবির রিং, মোবাইল সেট, প্রসাধনী সামগ্রী, গাড়ির যন্ত্রাংশ, ফেনসিডিল, চাপাতা, ইলেক্ট্রনিক্স সামগ্রী, জিরা, হার্ডওয়্যার সামগ্রী, প্লাস্টিকের পাটি ও খাদ্যদ্রব্য।
বিজিবি ২৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ লিয়াকত আলী জানান, বেনাপোল, আইসিপি, কাশিপুর, জামতলা,নাভারণ, আমড়াখালি চেকপোস্ট এলাকাগুলোতে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া মালামালের মধ্যে ৪ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ৫২টি শাড়ি, ১৯ লাখ ৬০ হাজার টাকা দামের ৩০০পিচ থ্রিপিস, ৩০ হাজার টাকা দামের এক হাজার পিস কাপ, ১ লাখ ১০ হাজার টাকা দামের চারটি পিতলের মূর্তি, ৫৭ হাজার টাকা দামের ১৮ সেট তৈরি পোশাক, ২১ হাজার ৫শ’ টাকা দামের ওষুধ, ৫ লাখ ৩৬ হাজার টাকা দামের দুই হাজার ১২০ পিস চাবির রিং, ১ লাখ ২৬ হাজার টাকা দামের ১৮টি মোবাইল ফোন সেট, ৪২ হাজার টাকা দামের প্রসাধন সামগ্রী, ৬ লাখ ১৩ হাজার টাকা দামের গাড়ির যন্ত্রাংশ, ৭০ হাজার টাকা দামের ১৭৫ বোতল ফেনসিডিল, ১ লাখ ৬০ হাজার টাকা দামের ৩ শ’১২ কেজি চা-পাতা, ৩ লাখ ৬৫ হাজার টাকা দামের ইলেক্ট্রনিক্স সামগ্রী, ১০ হাজার টাকা দামের ২০ কেজি জিরা, ১ লাখ ৬১ হাজার ৫ শ’ টাকা দামের হার্ডওয়্যার সামগ্রী, ২৮ হাজার ৫শ’ টাকা দামের ৫৭ পিস প্লাস্টিকের পাটি এবং ৬৯ হাজার ৫ শ’ টাকা দামের ৩০ কেজি খাদ্যদ্রব্য।
তিনি আরো জানান, উদ্ধার করা মালামাল বেনাপোল শুল্ক গুদামে এবং মাদকদ্রব্য শার্শা ও বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।
