শাহবাগে অর্ধ শত ফুলের দোকান উচ্ছেদ

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ১৭:৩৯
শাহবাগ মোড়ের ফুটপাতে গড়েওঠা অর্ধশত ফুলের দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শাহবাগ থানার পুলিশের সহায়তায় শনিবার বেলা ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি। এ দিকে, মাত্র ১০ মিনিটের নোটিসে ওই দোকানগুলো উচ্ছেদ করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন দোকান মালিকরা।
দুপুরে নিজের উচ্ছেদ হওয়া দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সবুজ মিয়াকে। তিনি বলেন, ‘অভিযানের সময় পুলিশের সদস্যরা বলতে ছিলেন— পিজিতে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়) প্রধানমন্ত্রী আসবেন। দ্রুত দোকান তুলে ফেল।’
সবুজ বলেন, ‘মাত্র ১০ মিনিট আগে মাইকে দোকান বন্ধের ঘোষণা দেয়া হয়। অভিযানের এক দিন আগে নোটিস দেয়া উচিত ছিল। আগে কিছু না জানানোর ফলে এখন দোকানের মালগুলো (ফুল) নষ্ট হয়ে যাবে। অনেক টাকার ক্ষতি হবে আমাদের।’
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন ইত্তেফাককে বলেন, ‘দোকানগুলো বৈধ না অবৈধ, তা সিটি করপোরেশন কর্তৃপক্ষই বলতে পারবে। তারা আমাদের কাছে সহায়তা চেয়েছে, আমরা তা দিয়েছি।’