ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক হোসাইন জাকিরের পাশে দাঁড়াল বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম। ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে তাকে। শুক্রবার বিকেলে মিরপুর কাজীপাড়ার বাসায় তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের হাতে এ অর্থ সহায়তা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি শ্যামল সরকার, সহ- সভাপতি তালুকদার হারুন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান এবং অর্থ সম্পাদক দীন ইসলাম।
সমপ্রতি, সাংবাদিক জাকিরকে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে উন্নত চিকিত্সার পর দেশে ফেরত আনা হয়। বর্তমানে রাজধানীর ডেলটা হাসপতালে চিকিত্সা নিচ্ছেন তিনি।
ভারতে উন্নত চিকিত্সার পর হোসাইন জাকিরের শারীরিক অবস্থা বেশ খানিকটা ভালো বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
গত ১১ নভেম্বর তাকে কোমোথেরাপি দেওয়ার পর বেশ সুস্থতা বোধ করছেন তিনি। আগামী ১ ডিসেম্বর আবার তাকে দ্বিতীয় কোমোথেরাপি দেয়া হবে। সচিবালয় রিপোর্টার্স ফোরামের নেতারা জাকিরের বাসা থেকে ফিরে বলেন, তার চিকিত্সার জন্য এখনও অনেক অর্থ প্রয়োজন। নিবেদিত প্রাণ এই সাংবাদিকের চিকিত্সার জন্য অর্থ সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, হোসাইন জাকির দীর্ঘ ১৮ বছর সাংবাদিকতা পেশায় রয়েছেন।
সাংবাদিকতায় সেরা প্রতিবেদনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০০৪, ০৬, ০৭ ও ০৯ এবং ১১ সালে ইউনিসেফ পুরস্কার পেয়েছেন তিনি।
দৈনিক মানবজমিন, দৈনিক আজকের কাগজ হয়ে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন হোসাইন জাকির।
আলোকিত বাংলাদেশ-এ ছিলেন প্রধান প্রতিবেদকের দায়িত্বে। এ সময় সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন সাংবাদিক জাকির। চিকিত্সার স্বার্থে তার জন্য সবার সহযোগিতার বিষয়ে সহকর্মীদের সম্মতি দিয়েছেন হোসাইন জাকিরের স্ত্রী ফরিদা ইয়াসমিনসহ পরিবারের সদস্যরা। এক মেয়ে নিলয় (১৪ বছর), দুই ছেলে আকাশ (১১ বছর) ও স্বপ্নকে (দেড় বছর) নিয়ে ভাড়া বাসায় থাকেন তিনি।
