অসুস্থ থাই রাজা, মন্ত্রীদের সাক্ষাত্ দিতে পারলেন না

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ২০:৪৫
 
থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজ অসুস্থ। এই অসুস্থতার কারণে তিনি সরকারের দুই মন্ত্রীকে সাক্ষাত্ দিতে পারেননি। ৮৬ বছর বয়সী রাজার স্বাস্থ্য নিয়ে জনগণের বর্তমান উদ্বেগের মধ্যেই তিনি পূর্ব পরিকল্পিত এই সাক্ষাত্ দিতে পারলেন না। রাজপ্রাসাদের কর্মকর্তাদের উদ্ধৃত করে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
দায়িত্ব গ্রহণের আগে দুই মন্ত্রীর রাজার সামনে শুক্রবার সন্ধ্যায় শপথ নিতে যাওয়ার কথা ছিল।
বিশ্বে সবচেয়ে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী রাজার সঙ্গে সাক্ষাত্ করতে দুই মন্ত্রীর জান্তা নেতা জেনারেল প্রাউত চান-ও-চার সঙ্গে যাওয়ার কথা ছিল।
প্রাসাদ সূত্র জানায়, রাজার চিকিত্সকরা এ শপথ অনুষ্ঠানে যোগ না দিতে রাজাকে পরামর্শ দেন।
শুক্রবার রাতে রয়্যাল হাউজহোল্ড ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়, রাজপরিবারের চিকিত্সক দল রাজাকে কোন অনুষ্ঠানে যোগ না দেয়ার পরামর্শ দেয়ায় এ অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ৮৬ বছর বয়সী রাজা সাম্প্রতিক বছরগুলোতে শারীরিকভাবে নানা জটিলতায় ভুগছেন।