লক্ষ্মীপুরে জিসান বাহিনীর ৯ সদস্য গ্রেফতার

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ১৪:৫৫
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সোলাইমান উদ্দিন জিসান বাহিনীর  ৯ সদস্যকে  গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার ভোররাতে চন্দ্রগঞ্জের দেত্তপাড়া, লতিফপুরসহ বিভিন্ন স্থানে লক্ষ্মীপুর গোয়েন্দা পুলিশ ও চন্দ্রগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের  গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চৌকিদার সেলিম উদ্দিন, পার্শ্ববর্তী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশিদ, সোলাইমান রাশেদ, রুবেল হোসেন, মিন্টু, মনির হোসেন, ফজলে রাব্বী, সামছুদ্দিনসহ নয়জন।
গ্রেফতারকৃতদের মধ্যে সাতজন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ লতিফপুর, দেওপাড়া, আমানী লক্ষ্মীপুর গ্রামের এবং দুইজন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ও দেলিয়া গ্রামের বাসিন্দা বলে জানায় পুলিশ।
লক্ষ্মীপুর পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ইউপি সদস্য মামুনুর রশিদ, চৌকিদার সেলিম উদ্দিনসহ নয়জনকে  গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা সবাই পুরস্কার ঘোষিত ও পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী এবং হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলার আসামি সোলাইমান উদ্দিন জিসান বাহিনীর সহযোগী। তাদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।