বগুড়ার কাহালু উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয় দিন-মজুর নিহত হয়েছেন। বগুড়া-সান্তাহার মহাসড়কে উপজেলার বীরকেদার ইউনিয়নের শেকাহার বাসস্ট্যান্ডের অদূরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১১ জন দিনমজুর ১৫ দিন আগে ধান কাটা মাড়াইয়ের কাজ করতে উপজেলার কালাই ইউনিয়নের ঝাঁঝাহার গ্রামে যায়। সেখানে কয়েকদিন কাজ করার পর দুই দিন আগে তারা একই উপজেলার বিরকেদার ইউনিয়নের মদনাই গ্রামে কাজ করতে যায়। দুই দিন কাজ শেষে সেখান থেকে সোমবার রাতে ওই ১১ দিন মজুর ভটভটিতে চড়ে নিজ আবাসস্থল উপজেলার ঝাঁঝাহার গ্রামে রওনা দেয়। রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বগুড়া-সান্তাহার সড়কে উপজেলার বিরকেদার ইউনিয়নের শেকাহার নামক বাসস্ট্যান্ডের কাছে পৌঁছা মাত্র দিনমজুরবাহী ভটভটির সঙ্গে নওগাঁগামী বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ভটভটিতে থাকা ১১ জনের মধ্যে দুই জন তারা মিয়া (৩৫) ও মধু (২২) ঘটনাস্থলেই মারা যান। বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লোকমান (৪০), সাদা মিয়া (৪০), দেলয়ার হোসেন (৭০) ও তার পুত্র আব্দুর রহমান নামে চার জন রাতে মারা যায়। গুরুতর আহত পাঁচ জন ইউনুস (৪০), ওকিমদ্দিন (৩৮), ছবিজল (৪৫) ও ইউনুস (৩৮) ও পরিচয়হীন অপরজনকে কাহালু হাসপাতালে, দুপচাঁচীয়া এবং রংপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তারা মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি ইউনিয়নের নতুন দুলাল গ্রামের কাদিম হোসেনের ছেলে, মধু একই উপজেলার দক্ষিণ সিচে গ্রামের আজাহারের ছেলে, লোমকান নতুন দুলাল গ্রামের কাবেজের ছেলে, সাদা মিয়া একই গ্রামের হাবেজ উদ্দিনের পুত্র, দেলয়ার হেসেন জাসিম উদ্দিনের ছেলে এবং আব্দুর রহমান দেলয়ার হোসেনের পুত্র বলে জানা যায়। আহতদের বাড়ি নতুন দুলাল গ্রামে বলে জানা যায়।
এ রিপোর্ট লেখা সময় থানায় মামলার প্রস্তুতি চলছিল।
