অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ীর লক্ষাধিক টাকা খোয়া

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ১৮:৫৯
 
 
রাজধানীর গুলিস্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. নাসির হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীর ১ লাখ ১২ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশের সহযোগিতায় স্থানীরা গুলিস্থান বাসস্ট্যান্ড থেকে অচেতন অবস্থায় নাসির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, নাসিরের বাড়ি মুন্সীগঞ্জের মুক্তারপুরে। সেখানে তার নিজের হার্ডওয়্যারের দোকান আছে। নাসিরের বন্ধু আবদুর রব জানান, সকালে নাসির ১ লাখ ১২ হাজার টাকা নিয়ে দোকানের মালামাল কিনতে নারায়ণগঞ্জের পাগলায় যাচ্ছিলেন। পথে অজ্ঞান পার্টির লোকেরা তাকে অচেতন করে তার কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে বাসের হেলপার পুলিশে খবর দেন। পুলিশ তাকে (রব) ফোন দিলে তিনি এসে নাসিরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান।