ঝিনাইদহ জেলায় চারটি উপজেলায় চেয়ারম্যান পদে দু’জন নতুন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বাকি দু’ উপজেলায় চেয়ারম্যান পদে পুরনোদের মনোনয়ন দিয়েছে। তৃতীয় ধাপে ঝিনাইদহের ৬ উপজেলার মধ্যে ৪টিতে নির্বাচন হবে। প্রার্থী ঘোষণার পর সকল জল্পনা-কল্পনার অবসান হয়েছে। তবে মনোনয়ন বঞ্চিতদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হবেন বলে জানিয়েছেন।
শৈলকুপা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নায়েব আলী জোয়ার্দ্দার। তিনি আওয়ামী লীগ জেলা কমিটির সদস্য। এর আগেও তিনি শৈলকুপা উপজেলা চেয়ারম্যান ছিলেন। মনোনয়ন পাওয়ার পর তার সমর্থকরা শৈলকুপায় মোটরসাইকেল শো ডাউন করেছে। শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন সিকদার (সোনা সিকদার) মনোনয়ন চেয়েছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।
হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে মশিউর রহমান জোয়ার্দ্দার। তিনি দলের হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। তিনি বর্তমানে কাপাসাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। গত নির্বাচনে বিএনপির আব্দুল মজিদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আব্দুর রশিদ। তিনি নতুন মুখ। দলের ঝিনাইদহ উপজেলার কমিটির সভাপতি এবং প্রবীণ নেতা। গত নির্বাচনে বিএনপির আব্দুল আলিম এ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। দলের গ্রুপিংয়ের কারণে এ উপজেলায় মনোনয়ন বঞ্চিতদের মধ্য থেকে কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।
কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর ঠান্ডু। তিনি দলের প্রবীণ নেতা ও জেলা কমিটির সদস্য।
