নড়াইলে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ১০:৫৭

 

নড়াইলের কালিয়ায় মকবুল হোসেন শেখ (৬০) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে উপজেলার পুরুলয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মকবুল হোসেন রাতে নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ভোররাতে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা মকবুল হোসেনকে খুন করেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।